ঢাকার আশুলিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন পিকআপ জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাত ৩টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে হাইওয়ে সড়কে চেকপোস্ট অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া থেকে পিকআপে করে গাঁজা নিয়ে চন্দ্রা হয়ে বাইপাইলের দিকে আসার গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ডিবি-উত্তরের একটি দল। অভিযানে জামাল মিয়ার কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া প্রায় ৬ লাখ টাকা মূল্যের একটি পুরোনো নীল রঙের এফওটন পিকআপ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার জামাল মিয়া ওরফে সেলিমের বিরুদ্ধে আগে থেকেই মাদকসংক্রান্ত তিনটি এবং চুরির একটি মামলা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই শেখ মফিজুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply