নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন সাংবাদিক নেতারা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের ফাইজুল হক গোলাপের সভাপতিত্বে এবং বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁরা বলেন, একজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য বড় হুমকি।
বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
এদিকে, সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএমইউজের কেন্দ্রীয় সভাপতি আলহাজ সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। এক যৌথ বিবৃতিতে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ অপরাধীদের পাশাপাশি মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে আরও তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ও উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং মফস্বলসহ সারা দেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন নেতারা।
প্রাপ্ত তথ্যমতে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নেত্রকোণার কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি একটি বেসরকারি আইপি টেলিভিশনে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতেন।
তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা নিহত আলিফ ফকিরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply