1. admin@cnnbanglatv.net : admin :
November 25, 2026, 8:51 pm

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া জাতীয় ঐক্যে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Sunday, November 22, 2026
  • 35 বার পঠিত

একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দেওয়ার দাবি, সরকারের কাছে অতীতের অঙ্গীকার ভঙ্গের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

শুধু আওয়ামী লীগ ঠেকানোর উদ্দেশ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে পরবর্তীতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। এর পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এমন পদক্ষেপের মাধ্যমে সরকার প্রমাণ করতে পারবে যে তারা সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় আন্তরিক। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছেও ইতিবাচক বার্তা পৌঁছাবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য শুধু মুখে ঐক্যের কথা বললেই হবে না, এর পেছনে থাকতে হবে সুস্পষ্ট ভিত্তি, রাজনৈতিক অঙ্গীকার এবং বাস্তব পদক্ষেপ। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেসব বিষয়ে ক্ষমা চাওয়ার পাশাপাশি আস্থা ফিরিয়ে আনার মতো উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সংকটকাল হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান, কীভাবে দেশকে সামনে এগিয়ে নিতে চান এবং বর্তমান সংকট মোকাবিলায় তার পরিকল্পনা কী—এসব বিষয় তারা শুনতে আগ্রহী।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার প্রয়োজন। এর মধ্যে রয়েছে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার দ্রুত সম্পন্ন করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

তিনি মনে করেন, এসব বিষয়ে সরকার আন্তরিক ও কার্যকর পদক্ষেপ নিলেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি হবে এবং জাতীয় ঐক্যের পথ সুগম হবে।

নাহিদ ইসলামের বক্তব্যে স্পষ্ট, কেবল রাজনৈতিক ঐক্যের আহ্বান নয়, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দৃশ্যমান পদক্ষেপকেই জাতীয় ঐক্যের পূর্বশর্ত হিসেবে দেখছে এনসিপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost