সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ জজ মিয়া, কিশোরগঞ্জ;সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রাণনাশের হুমকি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন এক প্রবাসীর স্ত্রী।
জানা যায়, গত ২১ নভেম্বর কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেন উপজেলার পাইকসা গ্রামের বাসিন্দা নুসরাত জাহান ইতি।
আবেদনে তিনি উল্লেখ করেন, ওইদিন সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি হুমকিমূলক পোস্ট ও মন্তব্য দেখতে পান। এতে পাঁচগাতিয়া গ্রামের মো. সজল ও মো. সেলিমের বিরুদ্ধে তাঁর স্বামীকে উদ্দেশ্য করে প্রাণনাশের হুমকি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হুমকির ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply