1. admin@cnnbanglatv.net : admin :
November 25, 2026, 8:51 pm

বন্দরে জমি নিয়ে বিরোধ: শারীরিক প্রতিবন্ধী নারীকে মারধর, মায়ের শ্লীলতাহানির অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 23 বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযানের নামে ব্যক্তিগত শত্রুতার জেরে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে মারধর এবং তাঁর মাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী হাফেজা (৪৩)। এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর শনিবার বন্দর উপজেলার লাঙ্গলবন্দের বাক্সরাইল এলাকায় পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। অভিযোগে একই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. ইকবাল (৪৮), মো. দেলোয়ার (৪০), লাভলি (৩৯) এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী হাফেজার দাবি, তাঁর মেয়ে হ্যাপি (২৮) শারীরিক প্রতিবন্ধী ও স্ট্রোকের রোগী। জমিজমা নিয়ে হ্যাপি ও তাঁর স্বামী মো. সাকিলের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে মাদকবিরোধী অভিযানের কথা বলে তাঁদের পরিবারকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে হ্যাপি বাক্সরাইল এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। এ সময় তাঁর স্বামী নাশতা আনতে বাইরে গেলে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে হ্যাপির চুলের মুঠি ধরে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি কাউকে জানালে তাঁকে ও পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন হাফেজা।

এর কিছুক্ষণ পর, সকাল ১১টার দিকে অভিযুক্তরা হাফেজার বাড়িতে প্রবেশ করে তাঁকেও মারধর করেন বলে অভিযোগ উঠেছে। হাফেজার অভিযোগ, এ সময় লাভলি তাঁর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে তাঁর জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়।

হাফেজার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে, তাঁর মেয়ে ও জামাতাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মাদক দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

পরে স্থানীয় লোকজন আহত মা ও মেয়েকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।

ভুক্তভোগী হাফেজা তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে বন্দর থানা পুলিশের বক্তব্যও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost