1. admin@cnnbanglatv.net : admin :
November 25, 2026, 8:59 pm

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2026
  • 26 বার পঠিত

কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে নতুন জীবন শুরুর পরিকল্পনা করেই তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিক্রি করা একটি মোবাইল ফোনসহ স্বর্ণালংকার ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

ভয়েস ওভার:

স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল চার শিক্ষার্থী। কিন্তু বিদ্যালয়ে না পৌঁছানোয় শুরু হয় উদ্বেগ। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাঠে নামে পুলিশ।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর বিদ্যালয়ে উপস্থিত হয়নি ওই চার শিক্ষার্থী। বিষয়টি জানার পর কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা—ডিবি ও কোতোয়ালি থানা-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন থানায় তাদের ছবি ও পরিচয়-সংবলিত বার্তা পাঠানো হয়। অবশেষে সমন্বিত অভিযানে ১২ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় চুনারুঘাট থানা-পুলিশ সহযোগিতা করে।

বুধবার, ১৪ অক্টোবর, কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং বাড়ি ছাড়ার পরিকল্পনার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে নতুন জীবন শুরু এবং স্বাধীনভাবে চলাফেরার পরিকল্পনা করেছিল তারা। এ উদ্দেশ্যে বাড়ি থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে বের হয় শিক্ষার্থীরা।

পুলিশ আরও জানায়, কুমিল্লার বাহার মোবাইল মার্কেটে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চার হাজার টাকায় বিক্রি করে তারা। সেই টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায়। সেখানে পরিকল্পনা অনুযায়ী কিছু করতে না পেরে পরে হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাহার মোবাইল মার্কেট থেকে বিক্রি করা ফোনটি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে অন্যান্য স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। অনলাইনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ঝুঁকি সম্পর্কে সন্তানদের সচেতন করা এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম শাহসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অ্যাঙ্কর আউট:

সামাজিক যোগাযোগমাধ্যমের ভার্চুয়াল পরিচয় থেকে তৈরি হওয়া ঝুঁকি নিয়ে আবারও সামনে এসেছে শিশু-কিশোরদের নিরাপত্তার প্রশ্ন। তাই অনলাইনে সন্তানদের চলাফেরা সম্পর্কে সচেতন থাকা এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost